- বিজ্ঞান বই নিয়ে মোবাইল গেম
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজ্ঞান বইগুলো নিয়ে মোবাইল গেমস নির্মাণ করতে যাচ্ছে মোবাইল অ্যাপস ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ৭১। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) থেকে ইনোভেশন ফান্ড পেয়ে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই ও ড্রিম ৭১ এর মধ্যে চুক্তি সই হয়েছে। পাইলট প্রকল্প বাস্তবায়ন শেষে অন্যান্য বই গেম হিসেবে তৈরি করা হবে। শুরুতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজ্ঞান বইগুলো নিয়ে তৈরি হবে গেম।
ড্রিম ৭১ এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির জানিয়েছেন, ‘ড্রিম ৭১ সব সময় সৃজনশীল সেবা দিতে উত্সাহী। এ প্রকল্প সফল হলে গেমসের মাধ্যমে বিজ্ঞানের বিষয়গুলো সহজে জানা যাবে। বিজ্ঞান বইয়ের বিষয়ভিত্তিক অধ্যায়গুলোকে গেমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য তুলে আনা হবে। ছয় মাসে পাইলট প্রকল্প শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করা হবে।’
এটুআই ইনোভেশন ফান্ডের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতেই এই প্রকল্প। পাইলট প্রকল্প শেষে পুরো প্রকল্প বাস্তবায়নের পথে যাওয়া যাবে।
ড্রিম ৭১ এর মহাব্যবস্থাপক আসাদ হোসাইন জানান, আমরা শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তকের বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছি। এতে শিক্ষার্থীদের উৎসাহ আরও বাড়ছে।
রাশাদ কবির বলেন, ড্রিম ৭১ এর আগে স্যামসাং বাংলাদেশ লিমিটেড, আড়ং এবং অ্যাপোলো হাসপাতালের সঙ্গে কাজ করেছে। এ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তৈরি মোবাইল অ্যাপ ‘ক্রিকেট বাংলাদেশ’ তৈরি করেছে ড্রিম ৭১।

No comments:
Post a Comment